রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান
- আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 20
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামের প্রথম চালান। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় প্রবেশ করে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দুপুর সাড়ে ১২টার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে।
এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অন্য একটি গাড়িতে প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন করা হয়। গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রকল্প সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালানে জ্বালানি আনা হচ্ছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে। ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।























