বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় ০৯:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 17
বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতির কারণে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে দুর্ঘটনার আশঙ্কা কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরগুলোতে দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, পাখি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ এবং দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলোতে জনবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রী। সভায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং বন্যপ্রাণীজনিত ঝুঁকি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় মন্ত্রী বলেন, দেশের বিমান পরিবহন খাতের অগ্রগতির পাশাপাশি যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সাম্প্রতিক সময়ে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষ বা বার্ড হিটের ঘটনাগুলো পর্যালোচনা করে বিমানবন্দরগুলোতে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এ জন্য দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট চালুর কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার তাগিদ দেন মন্ত্রী।
বিমানবন্দর এলাকায় উড়োজাহাজ চলাচলের জন্য নিরাপদ পরিবেশ বা ‘সেফ ফ্লাই জোন’ বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। কোনো প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের ঘাটতি যাতে বিমান চলাচলের নিরাপত্তাকে ব্যাহত না করে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেন।
এদিকে বন্যপ্রাণী ও পাখির কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর বাস্তবায়ন পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে প্রতি তিন মাস পরপর কমিটির বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।























