কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা
- আপডেট সময় ০৩:৫৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 25
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন অবস্থায় ফেলে রাখলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ক্ষুণ্ন হওয়া এবং অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দেয়। বিশেষত দাপ্তরিক বা একাধিক ব্যক্তির ব্যবহৃত কম্পিউটারে সেশন সক্রিয় থাকলে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ বিষয়ে ব্যবহারকারীদের সচেতন করতে সতর্কবার্তা ও নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার।
ওই নির্দেশনায় জানানো হয়েছে, কম্পিউটারে খোলা থাকা হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনকে সুযোগ হিসেবে নিয়ে প্রতারক বা সাইবার অপরাধীরা অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করতে পারে। এতে করে ব্যক্তিগত চ্যাট, কন্টাক্ট নম্বর এবং বিভিন্ন গ্রুপের তথ্য বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এমনকি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণামূলক বার্তা পাঠানো, ফিশিং কিংবা নানামুখী সাইবার জালিয়াতির ঘটনা ঘটতে পারে।
এই বিপদ এড়াতে কর্মক্ষেত্রের পিসি, যৌথভাবে ব্যবহৃত ডিভাইস কিংবা অন্যদের হাতের নাগালে থাকে এমন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সাইন-ইন অবস্থায় না রাখার তাগিদ দেওয়া হয়েছে। শুধু ব্রাউজার বা ট্যাব কেটে দিলেই কাজ শেষ হয় না; বরং ব্যবহার শেষে অবশ্যই সিস্টেম থেকে লগআউট করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
খুব জরুরি প্রয়োজনে কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হলে নির্ভরযোগ্য কম্পিউটারে ইনকগনিটো বা প্রাইভেট মোড বেছে নেওয়া যেতে পারে। তবে এটিকে শুধু অতিরিক্ত সুরক্ষা হিসেবে বিবেচনা করতে হবে, লগআউটের বদলে নয়। পাশাপাশি সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার বা অন্যের কাছ থেকে নেওয়া কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার জন্যও সতর্ক করেছে সংস্থাটি।
এ ছাড়া কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক স্পর্শকাতর বিষয়, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য কিংবা গোপন নথি আদান-প্রদান থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অ্যাকাউন্টে সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডিভাইসের অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি টুলস নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অচেনা বা সন্দেহজনক ফাইল এবং পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ডাউনলোড না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

























