ঐতিহাসিক নান্দাইল দিঘি পাড়ে নির্মিত ‘ইত্যাদি’র নতুন পর্ব আসছে ২৭ নভেম্বর
- আপডেট সময় ০২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 40
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘির তীরে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে। তিনশ বছরের বেশি পুরনো এই দিঘির জলরাশি ও প্রাচীন আবহে মঞ্চের আলোকসজ্জা পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমন্ত্রণপত্র বিতরণের পর এই আয়োজন ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের এলাকা থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে।
এবারের পর্বে তিনটি ভিন্ন ধারার গান রাখা হয়েছে। এর মধ্যে একটিতে জয়পুরহাটের সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গান সংকলিত করে পরিবেশন করা হয়েছে। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের একটি গান আধুনিক সংগীতায়োজনে গেয়েছেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানের সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ ছাড়া জেলার ইতিহাস ও লোকসংস্কৃতি তুলে ধরতে মনিরুজ্জামান পলাশের কথায় ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে রাশেদ ও স্বীকৃতির দ্বৈতকণ্ঠে একটি পরিচিতিমূলক নৃত্যগীত পরিবেশন করা হয়েছে, যেখানে এস কে জাহিদের পরিচালনায় স্থানীয় শিল্পীরা নৃত্যে অংশ নেন।

দর্শকপর্বে জয়পুরহাটকে কেন্দ্র করে করা প্রশ্নোত্তরের মাধ্যমে চারজনকে বাছাই করা হয়। দ্বিতীয় পর্বে তাঁরা জেলার পরিচিত পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে লেখা একটি নাট্যাংশে আঞ্চলিক ভাষায় অভিনয় করেন। পাশাপাশি জেলার কৃষি, পোল্ট্রি খাত, ঐতিহ্য ও দর্শনীয় স্থানের ওপর একটি বিশেষ তথ্যচিত্র থাকছে। অনুপ্রেরণামূলক ও মানবিক প্রতিবেদনের তালিকায় রয়েছে জয়পুরহাটের তিন বাকপ্রতিবন্ধী ভাই, মাটির ক্যানভাসে ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা দোগাছী ইউনিয়নের প্রসেনজিৎ বর্মন এবং যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলীর অসহায় মানুষের চিকিৎসাসেবার গল্প।
অনুষ্ঠানে কাশেম টিভির রিপোর্টার ও নাতির কথোপকথন এবং নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি সমসাময়িক বিষয় ও সামাজিক অসংগতি নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশ যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নাগরিক জীবনের সীমাবদ্ধতা, সেলফি প্রবণতা, অনলাইন প্রতারণা, কনটেন্ট নির্মাণের সৃজনশীলতা, তোষামোদি, চটকদার শিরোনাম, ডিজিটাল ট্রল ও পর্দা সংক্রান্ত নানা প্রসঙ্গ। বিভিন্ন নাট্যাংশে সোলায়মান খোকা, মাসুম বাশার, সুভাশিষ ভৌমিক, মিলি বাশার, শাহেদ আলী, সুমন পাটোয়ারী, আবু হেনা রনি ও সাবরিনা নিসাসহ বহু শিল্পী অভিনয় করেছেন।
মঞ্চ পরিকল্পনা ও শিল্প নির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ফাগুন অডিও ভিশন নির্মিত এবং হানিফ সংকেত রচিত, পরিচালিত ও উপস্থাপিত ‘ইত্যাদি’র এই পর্বটি আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হবে।

























