দুপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’, যেসকল জেলায় ঝড়বৃষ্টির আভাস
- আপডেট সময় ০৯:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 70
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাংলাদেশের ১০ জেলায় ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি কিছুটা কমিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এর অবস্থান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
























