চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার
- আপডেট সময় ১০:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 16
চট্টগ্রামে হালিশহর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হওয়ার প্রায় সোয়া তিন ঘণ্টা পর কর্ণফুলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে থেকে গাড়িটি চুরি হয়। সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী থানার অধীন ফকিন্নিরহাট এলাকায় গাড়িটি পাওয়া যায়।
পুলিশ জানায়, হালিশহর থানার তিন সদস্য পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। দুপুরে তারা জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে গাড়িটি রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে গাড়িটির কোনো সন্ধান পাননি তারা।
পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। ফুটেজ বিশ্লেষণে নকল চাবি ব্যবহার করে পিকআপ ভ্যানটি চুরির তথ্য পাওয়া যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফকিন্নিরহাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। তবে চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদও গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খাবার খেতে যাওয়ার সময় পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে গিয়েছিলেন। ফিরে এসে সেটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। সেখানে নকল চাবি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।























