নিজ বাসা থেকে সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার
- আপডেট সময় ০৩:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 41
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় সলিমউল্লাহ বাচ্চুর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সলিমউল্লাহ বাচ্চু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, সলিমউল্লাহ বাচ্চু ২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবার এবং ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করার আগপর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।
এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকা থেকেও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় ৫ আগস্ট কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামাসহ ৪০ হাজার ব্যক্তিকে আসামি করে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ৬ নভেম্বর রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।























