আট ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় ০১:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 43
রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের বলেন, সকাল ১০টা ১০ মিনিটে তাঁদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় অন্য ইউনিটগুলোও পাঠানো হয়। মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আর ছড়াবে না। তবে পুরোপুরি ডেম্পিং ও নির্বাপণ করতে সারা দিন লেগে যেতে পারে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্তে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।
মাহমুদুল হাসান আরও বলেন, এই বস্তিতে মূলত নিম্নআয়ের মানুষ বাস করেন। আগুনে তাঁদের টিন ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিকের বেশি পরিবার বসবাস করত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তাঁদের কাছে নেই। আগুন নেভানোর পর পুরো এলাকায় অনুসন্ধান চালানো হবে। অনুসন্ধানের পরই বোঝা যাবে কেউ আহত বা অন্য কোনো অবস্থায় আছেন কি না।





















