ঢামেকের পেছন থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০১:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 32
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছনের অংশ থেকে প্রায় ৩৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিকেল পৌনে পাঁচটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পেছনের চত্বরে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. শিপন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।























