নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থপরতায় হতাশ বাইডেন
- আপডেট সময় ০১:২৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 26
গাজায় সামরিক অভিযানের সময় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর বিষয়ে বারবার আশ্বাস দিয়েও তা কার্যকর করেননি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর মতে, তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ইসরাইলের দীর্ঘমেয়াদি পরিণতি উপেক্ষা করছিলেন নেতানিয়াহু। এ কারণে তাঁর প্রতি ক্রমেই হতাশ হয়ে পড়েছিলেন বাইডেন।
রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ও গাজা যুদ্ধ নিয়ে মতপার্থক্যের বিভিন্ন দিক উঠে এসেছে।
আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশের কথা রয়েছে। এর আগে শুক্রবার সিএনএনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে বইটির নির্বাচিত অংশ প্রকাশ করা হয়।
স্মৃতিকথায় বাইডেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের মানবিক প্রভাব নিয়ে নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার আলোচনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তিনি লিখেছেন, গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দেশটির সামরিক অভিযানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দুর্বল হয়ে পড়ছে—এ বিষয়টি নেতানিয়াহুও বুঝতে পেরেছিলেন। বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পদক্ষেপের মিল ছিল না বলে অভিযোগ বাইডেনের।
নেতানিয়াহুর প্রতিশ্রুতির বিষয়ে বাইডেন লিখেছেন, ‘বিবি (নেতানিয়াহু) এমন প্রতিশ্রুতি দিতে কখনো দ্বিধা করতেন না, যেগুলো পূরণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই তাঁর ছিল না।’
৭ অক্টোবরের হামলাকে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনার জন্য বড় ধাক্কা হিসেবে দেখেছেন বাইডেন। তাঁর ভাষায়, ওই হামলায় শান্তির স্বপ্ন ‘চূর্ণবিচূর্ণ’ হয়ে যায়। ঘটনার দিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক দফা টেলিফোনে কথা বলেন তিনি। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থান ও উদ্যোগ সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন।
বাইডেনের ভাষ্য অনুযায়ী, তিনি নেতানিয়াহুকে বোঝাতে চেয়েছিলেন, ভবিষ্যতে যেন এমন ভয়াবহ ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
হামাসের হামলার জবাব দেওয়ার বিষয়ে ইসরাইলের অবস্থান বুঝলেও শুরু থেকেই সামরিক অভিযানে আটকে পড়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেন বাইডেন। ব্যক্তিগত আলোচনাতেও একাধিকবার এ নিয়ে নেতানিয়াহুর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
তবে তাঁর অভিযোগ, প্রতিবারই বেসামরিক মানুষের সুরক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সময়ে আরও আক্রমণাত্মক সামরিক অভিযান চালানো হয়েছে। এতে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন তোলা হলে ইসরাইল বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন বাইডেন।
নেতানিয়াহু রাজনৈতিক ও অভ্যন্তরীণ নানা চাপের মধ্যে দায়িত্ব পালন করছিলেন—এটি স্বীকার করেছেন বাইডেন। তবে তাঁর মতে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে নেতানিয়াহু নিজের তাৎক্ষণিক রাজনৈতিক প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছেন। বিষয়টি তাঁকে হতাশ করেছিল।
স্মৃতিকথায় দুই নেতার মধ্যকার সম্পর্কের আস্থাহীনতার কথাও তুলে ধরেছেন বাইডেন। তিনি লিখেছেন, তাঁদের মধ্যে সরাসরি ও খোলামেলা আলোচনা সম্ভব হলেও পারস্পরিক বিশ্বাসের ঘাটতি ছিল।
এ ছাড়া নেতানিয়াহুর আচরণে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলেন বলেও উল্লেখ করেছেন বাইডেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু নিজের অবস্থানের পক্ষে তথ্য-প্রমাণকে ভিন্নভাবে উপস্থাপন করতেন এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তার করতেও পিছপা হতেন না।























