বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় ০৪:২২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 20
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগসহ বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময় বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে সাইবার নিরাপত্তা, ন্যানো প্রযুক্তি ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।
উপাচার্য আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিইউপি।
সাক্ষাতের একপর্যায়ে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।























