পাঁচ দিনে মাথাব্যথা, ষষ্ঠ দিনে ব্রেন ক্যানসার শনাক্ত
- আপডেট সময় ১০:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 214
অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে অনেকটাই সুস্থ। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তবে অসুস্থতার শুরুটা ছিল বেশ অপ্রত্যাশিত। টানা কয়েক দিন মাথাব্যথার পর হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার ষষ্ঠ দিনে জানতে পারেন, তাঁর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে।
সম্প্রতি নিজের অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। গত আট মাস পর গত মাসে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর শারীরিক অবস্থা ও অসুস্থতার কারণ জানতে চান অনেকেই।
তানিয়া জানান, অসুস্থ হওয়ার আগে তিনি স্বাভাবিকভাবেই শুটিং করছিলেন। তেমন কোনো শারীরিক সমস্যা অনুভব করেননি। তবে টানা চার দিন শুটিংয়ের সময় মাঝেমধ্যে মাথাব্যথা হচ্ছিল। বিষয়টিকে স্বাভাবিক ভেবে গুরুত্ব দেননি তিনি।
অভিনেত্রীর ভাষ্য, মাথাব্যথা কখনো কমছিল, আবার কখনো বাড়ছিল। পঞ্চম দিন সকালে ব্যথা তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে শুরু হয় বমি। পরে সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানা যায়, তাঁর ব্রেন ক্যানসার হয়েছে।
তানিয়া বলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে একদিন দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হয়েছিল। টানা কাজের চাপে ক্লান্তিও ছিল। তবে শুটিং করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েননি; বরং শারীরিক ক্লান্তিকে ঘিরে নানা ধরনের ভুল তথ্য ছড়িয়েছিল।
রোগ শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করেন তানিয়া। দেশে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়েও অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।
দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ এই অভিনেত্রী। গত অক্টোবরে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। তবে এখনো প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও দুই মাস কেমোথেরাপি চলবে তাঁর।
এ সময় নিয়মিত শুটিং না করলেও মাসে দু-একটি কাজে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তানিয়ার। চিকিৎসা শেষ হওয়ার পরও সতর্ক থাকতে চান তিনি, যাতে নতুন করে টিউমার দেখা না দেয়।
অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে তানিয়া বলেন, দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁর মনে হয়েছে, যেন নতুন করে জন্ম হয়েছে। সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
পাশাপাশি কারও শরীরে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।























