লোপেজের জোড়া গোলে আতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
- আপডেট সময় ০৪:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 27
লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। রোববার রাতে আতলেতিকোর মাঠ রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার জয়ের নায়ক ফেরমিন লোপেজ। তাঁর জোড়া গোলেই পূর্ণ তিন পয়েন্ট পায় সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক আতলেতিকো। ম্যাচের ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। এরপরও বার্সেলোনার রক্ষণে একাধিকবার চাপ সৃষ্টি করে তারা। তবে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে বার্সেলোনা। ৪৫তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে গোল করেন ফেরমিন লোপেজ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ম্যাচের ৬৬তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লোপেজ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় আতলেতিকো মাদ্রিদ। কয়েকটি সুযোগ তৈরি করলেও বার্সেলোনার রক্ষণভাগ ভাঙতে পারেনি দিয়েগো সিমিওনের দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে কাতালান ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে তিন পয়েন্টে।























