লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ
- আপডেট সময় ০৩:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 15
চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে হলে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হবে।
গত বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের সুনাম ও স্বাদ অক্ষুণ্ন রাখা, বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং জেলার ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ধরনের প্রতারণা ঠেকাতেই অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ইলিশ বিক্রিতে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে।
জেলা মৎস্য বণিক সমিতি এবং জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইলিশের পরিচয় ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ পর্যন্ত প্রতারণার বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ইলিশ নিয়ে প্রতারণা বন্ধে অনলাইন বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অনলাইনে ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে বলে আশা করছে প্রশাসন।
























