দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
- আপডেট সময় ০৫:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 1
আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ। প্রতিবছর পূজার আগে সীমিত সময়ের জন্য ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হলেও এবার সেই অনুমতি না থাকায় ভারতীয় বাজারে বাংলাদেশি ইলিশ যাওয়ার সুযোগ নেই। বরং দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।
সাধারণত দুর্গাপূজাকে সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। তবে এবার সেই সময় পেরিয়ে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অনুমতিগুলোও বাতিল হয়েছে। ফলে ব্যবসায়ীদের নতুন করে রপ্তানির প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই।
এর সঙ্গে যোগ হয়েছে দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসা। ফলে চলতি মৌসুমে ভারতীয় বাজারে বাংলাদেশি ইলিশ পাঠানোর সম্ভাবনা আরও কমে গেছে।
এবার বাংলাদেশে ইলিশের উৎপাদন কিছুটা কম হওয়ায় দেশের বাজারের চাহিদা পূরণে উল্টো ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। বিশেষ করে গুজরাট থেকে আমদানি করা এসব ইলিশে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের বাজারে এর চাহিদা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১২ সাল থেকে বাংলাদেশ সাধারণত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় কয়েক দিনের জন্য সেই নিষেধাজ্ঞা শিথিল করে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পরও ওই ধারাবাহিকতা বজায় ছিল।
তবে এবার সেই সুযোগ না থাকায় দুর্গাপূজায় ভারতীয় বাজারে বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে না। বিপরীতে, দেশের বাজারের চাহিদা মেটাতে ভারত থেকে ইলিশ আমদানির ঘটনা বাণিজ্যের চিত্রে ভিন্ন এক পরিস্থিতি তৈরি করেছে।
সূত্র: ফার্স্টপোস্ট






















