খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১০:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 12
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন বৃহস্পতিবার (৫ নভেম্বর)। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলায় পৌঁছানোর পর সড়কপথে খুলনা যাবেন তিনি। সফরে মোংলায় দুটি ও খুলনায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী।
খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন তারেক রহমান। ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করছে।
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। সফর উপলক্ষে পুরো শহর পরিচ্ছন্ন করা হয়েছে।
জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উপলক্ষে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি।
গ্রাফিতিতে খুলনার ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি স্থান পেয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থাপন করা সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। নেতাকর্মীদের লাগানো ফেস্টুনও সরিয়ে নেওয়া হয়েছে। এবারই প্রথম সরকারপ্রধানের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে না।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা মহানগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষা করছেন।























