সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
- আপডেট সময় ০৭:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 27
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক মো. সজীব (২৫) নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) হামলার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর পৌঁছেছে।
নিহত সজীব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ২০২৩ সালে সৌদি আরবে যান তিনি। পরে জুবাইল শহরে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলার সময় ঘটনাস্থলে ছিলেন সজীব। হামলায় গুরুতর আহত হওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়েছে বলে তারা খবর পান।
সজীবের চাচা আবুল কাশেম জানান, সৌদি আরবে কর্মরত তার এক সহকর্মী আল আমিন প্রথমে সজীবের মৃত্যুর খবর পরিবারকে জানান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সজীব। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
আবুল কাশেম বলেন, সজীবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে চান তারা। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।
শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, সজীবের মৃত্যুর খবর তারা পেয়েছেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।























