পদত্যাগ করলেন ইরানের জ্বালানিমন্ত্রী
- আপডেট সময় ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 26
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা এবং তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। রোববার (৪ অক্টোবর) তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে দেওয়া হয়েছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোভার্ডকে।
তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সরকার নিয়ন্ত্রিত তেল উত্তোলন ও বিপণন প্রতিষ্ঠান এনআইওসির প্রধান নির্বাহী হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরানের তেল মন্ত্রণালয়ের নেতৃত্বে আসেন মহসেন পাকনেজাদ। দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং তেল রপ্তানি ঘিরে বিভিন্ন ঝুঁকির মধ্যে তাকে পদ ছাড়তে হলো।
পাকনেজাদের পদত্যাগের ঘটনা আরও আলোচনার জন্ম দিয়েছে কারণ, আনুষ্ঠানিকভাবে পদত্যাগের খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বক্তব্যে তেল বিক্রি নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি।
ওই বক্তব্যে পাকনেজাদ দাবি করেন, আন্তর্জাতিক বাধা ও অবরোধের মধ্যেও তেল বিক্রির অর্থ নির্ধারিত সময়েই ইরানের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ফলে অল্প সময়ের ব্যবধানে তার পদত্যাগের সিদ্ধান্ত কেন এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি স্বেচ্ছায় পদ ছেড়েছেন, নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে—এ বিষয়ে তেহরান থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা, জ্বালানি সরবরাহে বারবার বিঘ্ন এবং তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের প্রভাবেই এই আকস্মিক রদবদল হয়ে থাকতে পারে।
সূত্র: রয়টার্স





















