শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- আপডেট সময় ০২:৩৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 23
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর তিনি বিমানবন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় যান এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। বিমান থেকে নামার পর যাত্রীরা কতক্ষণে তাদের লাগেজ হাতে পাচ্ছেন এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা কেমন—এসব বিষয়ে তিনি সরাসরি যাত্রীদের মতামত জানতে চান।
এ সময় যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার পাশাপাশি ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে বিমানবন্দরে ট্রলির সংখ্যা দ্রুত বাড়ানো এবং সব কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
পরিদর্শনকালে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।























