অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা
- আপডেট সময় ১২:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 76
আগামী অক্টোবর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না। সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামই পুরো অক্টোবরজুড়ে কার্যকর থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত মূল্য ঘোষণা করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৩৫, ১৬৫, ১৬০ ও ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অক্টোবর মাসেও ওই দাম বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই সেপ্টেম্বরের নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয় বা ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার কথা জানিয়ে ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই পরিস্থিতি তখনও অব্যাহত ছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় সরকার দীর্ঘ সময় দেশে এর দাম বাড়ায়নি বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ে জ্বালানি তেল আমদানি ও বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ দশমিক ৬৬ কোটি টাকা লোকসান হয়েছে।
|
এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং দেশে জ্বালানি তেল পাচার ঠেকাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।












