ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে নারীরাও
- আপডেট সময় ১১:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 19
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান। তেহরানের একটি প্রশিক্ষণকেন্দ্রে নারীদেরও আগ্নেয়াস্ত্র চালনার প্রশিক্ষণ নিতে দেখা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে নারীরা প্রশিক্ষণে অংশ নেন। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন নির্দেশনা নেওয়ার পাশাপাশি তাদের আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডগান চালানোর অনুশীলন করতেও দেখা যায়।
এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য আরেকটি প্রশিক্ষণকেন্দ্র চালু করে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থল হামলা চালালে তা মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করার লক্ষ্যেই এসব প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ইমাম হোসেইন স্কয়ারেও একই ধরনের একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী রাহেলেহ ঘাদিরি বলেন, যুদ্ধের পরিস্থিতিতে নিজের পরিবার ও এলাকার মানুষকে কীভাবে সুরক্ষা দিতে হবে, সে সম্পর্কে ধারণা থাকলে তাঁর ভয় কিছুটা কমবে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সাত মাসের সংঘাত শুরু হয়। পরে ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতির মাধ্যমে ৪০ দিনের লড়াইয়ের অবসান হলেও এরপরও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত ছিল।
এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের হামলা শুরু করলে ইরান আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।




















