স্কুল-কলেজ-মাদ্রাসায় দুর্গাপূজায় কতদিন ছুটি!
- আপডেট সময় ০৭:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 51
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আলাদা ছুটির তালিকা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে টানা ছুটির মেয়াদেও পার্থক্য হচ্ছে। ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ১০ দিন, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৪ দিন এবং মাদ্রাসায় টানা ৫ দিন ছুটি থাকছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে তা যুক্ত হবে।
এরপর ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি রয়েছে। ফলে স্কুলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকবে।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ছুটির মেয়াদ দাঁড়াচ্ছে ১৪ দিন।
মাদ্রাসা
মাদ্রাসায় দুর্গাপূজার ছুটি তিন দিন নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকবে।
এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।





















