মালয়েশিয়ায় পাহাড় ধসে নিহত কুমিল্লার ফাহাদ
- আপডেট সময় ০২:১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 19
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ফাহাদ হোসেন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী এই প্রবাসী। মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় ভারী বৃষ্টির পর পাহাড়ের মাটি ও পাথরের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়।
গত ১ অক্টোবর রাতে টানা মুষলধারে বৃষ্টির পর ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ফাহাদ যেখানে অবস্থান করছিলেন, সেটি মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়।
ফাহাদ হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের সরাপতি গ্রামের আব্দুর রশিদের ছেলে। গত তিন মাস ধরে তিনি ক্যামেরন হাইল্যান্ডসের একটি সবজি বাগানে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। একপর্যায়ে পাহাড়ের বিশাল একটি অংশ ধসে ফাহাদের ওপর পড়ে। মুহূর্তেই মাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়েন তিনি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিপুল পরিমাণ মাটি-পাথর এবং দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে উদ্ধারকাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
ফাহাদের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর কুমিল্লার সরাপতি গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের সদস্যরা এখন তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
স্বজনদের ভাষ্য, পরিবারের অভাব ঘোচানোর আশায় তিন বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন ফাহাদ। বিদেশে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পাহাড় ধসে তাঁর মৃত্যু হলো।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এশিয়া পোস্টকে বলেন, ফাহাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ ফেরানোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। পাশাপাশি একজন প্রবাসী কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
























