বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৬:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 56
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্মোহ তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে উপস্থিত অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও তা বিবেচনায় নেওয়া হবে না। যারা সেখানে অপরাধী হিসেবে উপস্থিত ছিলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুরের ইসিবি চত্বর এলাকায় জমি দখল ও গোলাগুলির ঘটনা নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ জানান, এ ঘটনায় এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে। এখানে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই।
তার ভাষ্য, জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে ঘটলেও ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গ্রেপ্তার ও আলামত সংগ্রহের পাশাপাশি গোলাগুলির ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।
এজাহার ও মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ এজাহার নিয়ে গেলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করার আগে পুলিশকে প্রাথমিকভাবে যাচাই করতে হয়। এজাহারে যা লেখা থাকে, তা যাচাই ছাড়াই মামলা হিসেবে গ্রহণ করা হলে যে কারও নাম আসামি হিসেবে যুক্ত হয়ে যেতে পারে।
তিনি বলেন, এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার দাবি করা সালমান মুক্তাদির নিজে মামলা করেননি; কোম্পানির প্রতিনিধি হিসেবে অন্য একজন মামলা করেছেন।
সরকার বা বিএনপিকে ঢালাওভাবে দায়ী করার বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার মতো বক্তব্য দেওয়া হলে সেটার বিচার জনগণই করবে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ছিল না। সালমান মুক্তাদির নিজেও তার কাছে চাঁদা চাওয়া হয়নি বলে জানিয়েছেন। এ ধরনের বক্তব্যের নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ঘটনার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্টতা যারই থাকুক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। নিউগিনি প্রপার্টিজ হোক কিংবা পার্শ্ববর্তী জমির মালিক—ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তদন্তের আওতায় এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। গ্রেপ্তার ও মামলা গ্রহণের পাশাপাশি তদন্তের স্বার্থে সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব না হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিন সকালে মিরপুরে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, উচ্ছেদ অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযানের আগে পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। বিষয়টিকে তিনি মূলত সমন্বয়ের ঘাটতি হিসেবে দেখছেন।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সম্প্রীতি যে পর্যায়ে পৌঁছেছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রশংসনীয়।












