কূটনীতিকদের কাছে আ. লীগের সহিংসতা তুলে ধরল সরকার
- আপডেট সময় ১১:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 15
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতা, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছে সরকার। দলটির কর্মকাণ্ডে দেশে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে ব্রিফিংয়ের বিষয়বস্তু জানা গেছে।
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া ব্রিফিংটি চলে প্রায় আধা ঘণ্টা। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকেরা অংশ নেন। জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধি ব্রিফিংয়ে যোগ দেন।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে সরকার গুরুত্ব দেয়। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে অংশীদারদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করতে চাইছে। রাজনৈতিক বিশৃঙ্খলার ধারণা সৃষ্টির উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগও করেন হুমায়ুন কবির। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।
একই সঙ্গে আইনের যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।























