ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতায় চীন
- আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 23
ইরানি এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান।
এর আগে সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপের কারণে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইন্স কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চাইছে বলেও জানান তিনি।
বেসেন্টের ওই বক্তব্যের পর ইরানি এয়ারলাইন্সের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের অবস্থান সামনে এলো।
গুয়ো জিয়াকুন বলেন, ‘চীন সবসময় অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যেগুলোর আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই।’
চীনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।কেএলএমএম,ও





















