শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা
- আপডেট সময় ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 33
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে, আর দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে। পাশাপাশি ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোতে নিজ নিজ ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এবং অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবে।
প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারিতে প্রাপ্ত মূল তালিকার সমসংখ্যক প্রার্থীর একটি অপেক্ষমাণ তালিকা রাখা হবে, যাতে প্রথম তালিকায় নির্বাচিত কেউ ভর্তি না হলে সেখান থেকে আসন পূরণ করা যায়। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ৫০ নম্বরের ১ ঘণ্টার (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০) এবং চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বরের ২ ঘণ্টার (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০) লিখিত পরীক্ষা নেওয়া হবে। নবম শ্রেণিতে আবেদনের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নীতিমালায় প্রতি শাখার সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা ৫৫ নির্ধারণ করা হয়েছে এবং বার্ষিক পরীক্ষা শেষে শূন্য আসন চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষাবর্ষের ১ জানুয়ারিতে শিশুর বয়স অন্তত ৬ বছর এবং ৭ বছরের কম হতে হবে (অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে)। বয়সের প্রমাণে দিতে হবে সত্যায়িত অনলাইন জন্মনিবন্ধন সনদ, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বয়সে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ছাড় পাবে। ঢাকার প্রতিষ্ঠানগুলোকে ভর্তি কার্যক্রমের আগেই নিজস্ব ক্যাচমেন্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন প্রার্থীর বর্তমান বাসস্থানই ক্যাচমেন্ট এলাকা হিসেবে গণ্য হবে।
নীতিমালায় বিভিন্ন কোটার বিধান রাখা হয়েছে; যার মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ২%, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশু ১%, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ২%, এবং স্কুলে অধ্যয়নরত ভাই-বোনের জন্য ৩% ও যমজদের জন্য ২% আসন বরাদ্দ থাকবে। উপযুক্ত কোটাধারী প্রার্থী না মিললে সাধারণ প্রার্থীদের দিয়ে এসব আসন পূরণ করা হবে। এছাড়া সরকারি চাকুরিজীবীদের ১০ কিলোমিটারের বেশি দূরে বদলিসংক্রান্ত কারণে সন্তানদের জন্য অতিরিক্ত ৫% সংরক্ষিত আসন থাকবে, যা বদলির ১২ মাসের মধ্যে কার্যকর হতে হবে।
অনলাইনে আবেদন ফরমের মূল্য প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি আদায় করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ঢাকা মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের তদারকি কমিটির নিবিড় পর্যবেক্ষণে পরিচালিত হবে।





















