রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে পারে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 34
রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করা ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে এগিয়েছে। বিলটিতে রাশিয়া ও ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।
মঙ্গলবার প্রতিনিধি পরিষদে বিলটি ২১৪-২১১ ভোটে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়াগত ধাপ পার করে। এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়।
প্রস্তাবিত আইনে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিনিধি পরিষদে জমা দেওয়া একটি সংশোধনীতে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে সহায়তাকারী ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে।
বিলটির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তার অভিযোগ, এতে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে এবং এর ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ থাকবে না।
যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রি থেকে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করছে। এদিকে ইউক্রেনপন্থি বিভিন্ন সংগঠনও বিলটির পক্ষে মার্কিন আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়াচ্ছে।
প্রতিনিধি পরিষদে পাস হলে বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বৃহস্পতিবার থেকে প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর মধ্যবর্তী নির্বাচনের পর ৯ নভেম্বর অধিবেশন বসার কথা রয়েছে।

























