এমবাপেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল
- আপডেট সময় ০১:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 26
বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল আবারও ইতিহাস গড়েছেন। মাত্র ১৯ বছর বয়সেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ উইঙ্গার।
বুধবার চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে ফেয়েনুর্দকে ৫-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের গোলেও অবদান রাখেন ইয়ামাল।
অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ২০ বছর বয়সে পৌঁছানোর আগেই চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের গোল-অবদান ২১ ছাড়িয়েছে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন এমবাপে, যার গোল-অবদান ছিল ২০টি।
ম্যাচের শুরুতেই ইয়ামালের পাস থেকে গোল করেন রাফিনিয়া। পরে দুর্দান্ত এক ফ্রি-কিকে নিজেই গোল করেন ইয়ামাল। আরও একটি গোলে অবদান রাখেন তিনি।
শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, অধিনায়ক হিসেবেও ইতিহাস গড়েছেন ইয়ামাল। রাফিনিয়া মাঠ ছাড়ার পর ৭১তম মিনিটে বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড তার হাতে ওঠে। এর মধ্য দিয়ে ১৯ বছর ৫৮ দিন বয়সে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল বোজান ক্রকিচের, যিনি ২০ বছর বয়সে অধিনায়ক হয়েছিলেন।
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল অল্প সময়েই ইউরোপের ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।
























