এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট
- আপডেট সময় ০৪:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 21
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, মঙ্গলবার (১১ আগস্ট) থেকে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্র সম্পূর্ণভাবে পুনরায় মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে এবং কোনো ভুলত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। কোনো বিষয় দুই পত্রবিশিষ্ট হলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট প্রদেয় ফি দেখানো হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ বাটনে গিয়ে নির্দেশনা দেখা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে আবেদনে পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নতুন করে নির্বাচন করা যাবে।
তবে একবার ফি পরিশোধ করার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। পাশাপাশি ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।























