উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন
- আপডেট সময় ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 33
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে যায়। পরে বিক্ষোভকারীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। তাঁদের দাবি, সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে সর্বাত্মক শাটডাউন ঘোষণা করেন তারা।

























