রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি চান শিক্ষার্থীরা
- আপডেট সময় ০৯:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার এবং সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা। আইয়ুব আলীর ওপর হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
এ ছাড়া পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় এবং নিয়মিত সংলাপ নিশ্চিত করার দাবিও রয়েছে শিক্ষার্থীদের পাঁচ দফায়।
কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের কোনো সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর দাবিও জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
তারা বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর পরও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার অনাকাঙ্ক্ষিত ও সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, জবাবদিহিমূলক ও স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।
সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আবারও হেনস্তা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে, যে ট্রেন থেকে এটি ঘটবে, সেই ট্রেন আটকিয়ে ট্রেনে কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করবেন। প্রয়োজন হলে পরিবহণ দপ্তরের গাছের সঙ্গে বেঁধে রাখার কথাও বলেন তিনি।

























