রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু মানুষ
- আপডেট সময় ১০:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 102
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। বিস্ফোরণের পর বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। এ সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এটি দ্বিতীয় হামলার ঘটনা। আগের হামলাগুলোতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে একটি উড়োজাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ঘটনার পর রিয়াদগামী ফ্লাইটগুলো অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এ সময় বিমানবন্দরের ওপর একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
এ ঘটনায় মন্তব্য জানতে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স



















