উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় ০২:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 23
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। উদ্বোধনের প্রথম দিনেই বিক্রি হয়ে যায় নির্ধারিত ৯০০টি টিকিট। ফলে সকাল থেকেই জাদুঘর ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকলেও বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশের সুযোগ চালু করা হয়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই নির্ধারিত ৯০০টি টিকিট শেষ হয়ে যায়। জাদুঘরটি নিয়ে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো।
জুলাই গণঅভ্যুত্থানের (২০২৪) ইতিহাস, আন্দোলনের ধারাবাহিকতা এবং সেই সময়ের নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরে স্থান পেয়েছে আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র, শহীদ ও আহতদের ব্যবহৃত নানা সামগ্রী এবং ঘটনাপ্রবাহভিত্তিক তথ্য-উপাত্ত। আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দলিল।
সংশ্লিষ্টরা বলছেন, আগামীর প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সেই সময়ের আত্মত্যাগ ও লড়াই সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই জুলাই জাদুঘরের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা আরও বলছেন, দর্শনার্থীদের চাপ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন ৯০০ জনের প্রবেশের সুযোগ রাখা হয়েছে। তাই তিনটি পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বেলা ১১টা, দুপুর ১টা এবং বিকেল ৪টায় দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন করে প্রবেশের অনুমতি দেওয়া হবে। জাদুঘরে প্রবেশের জন্য টিকিট কাউন্টার এবং অনলাইন উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
প্রথম দিনে নির্ধারিত সময়ের আগেই দর্শনার্থীরা জুলাই জাদুঘরের সামনে ভিড় করতে শুরু করেন। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানার আগ্রহে, আবার কেউ কেউ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতি জাদুঘরে আসেন। নির্ধারিত ৯০০ টিকিট শেষ হয়ে যাওয়ায়, অনেকে টিকিট না পেয়ে হতাশা ও দুঃখ প্রকাশ করেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানান, প্রতিদিন নির্ধারিত সংখ্যক দর্শনার্থীকেই জাদুঘরে প্রবেশের সুযোগ দেওয়া হবে, যাতে জাদুঘরের ভেতরে শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই নিজের মতো করে প্রদর্শনীগুলো দেখতে পারেন।
কর্তৃপক্ষ আরও জানান, অনলাইনে আগাম টিকিট সংগ্রহের সুযোগ থাকায় দর্শনার্থীদের আগে থেকেই টিকিট নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা, শৃঙ্খলা এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জাদুঘরে প্রবেশের নির্ধারিত সময় সুচি এবং নির্ধারিত সংখ্যক দর্শনার্থী প্রবেশের ধারাবাহিকতা যথারীতি চলতে থাকবে।

























