নাসির ও তামিমার খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বাদী পক্ষ
- আপডেট সময় ০৩:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 17
ডিভোর্স না দিয়ে অন্য তরফকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলা থেকে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির খালাস পাওয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ। বুধবার (১০ জুন, ২০২৬) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত থেকে রায় ঘোষণার পর সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদালত চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন মামলার বাদী রাকিব হাসানের আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরেই আসামিপক্ষ বিভিন্নভাবে দাবি করে আসছিল যে তারা এই মামলায় খালাস পেতে যাচ্ছেন; এরপরও আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে তারা মামলাটি পরিচালনা করেছেন।
আইনি লড়াইয়ের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও জানান, মামলার বাদী একাধিকবার তার আর্থিক অসচ্ছলতার কথা বললেও, ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে মামলাটি এগিয়ে নেওয়া হয়েছিল।
আইনজীবী ইশরাত হাসান আরও উল্লেখ করেন, মামলাটির তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছিল। তার মতে, এ ধরনের ঘটনায় ব্যভিচার ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হলে তা বাদীর প্রতি চরম অন্যায়ের শামিল হবে। রায়ের অনুলিপি পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট রায়ের পর মামলার বাদী রাকিব হাসান ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, সমাজে যাদের ক্ষমতা ও প্রভাব রয়েছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে বিচার পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলে যাব, ইনশাআল্লাহ।’
























