দুই ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
- আপডেট সময় ০৬:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 77
ঢাকা-ময়মনসিংহ রেলপথে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ মে) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটা এসব যান্ত্রিক ত্রুটির কারণে রুটটিতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে শত শত রেলযাত্রী চরম ভোগান্তির শিকার হন। এর আগের দিন রোববারও একই রুটে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছালে সেটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি মাঝপথে আটকে পড়ে।
পরবর্তীতে চালক ও রেলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় ইঞ্জিনটি সাময়িকভাবে সচল করা সম্ভব হলে সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই সময়টুকুর জন্য ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই রেলরুটে আবারও বিপত্তি ঘটে। বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘দেওয়ানগঞ্জ কমিউটার’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় ট্রেনটি আটকে পড়লে দ্বিতীয়বারের মতো এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর আগে রোববার দুপুরে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল, যা মেরামতের পর প্রায় এক ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে ঢাকা ও জামালপুরগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে রুটটিতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তিনি উল্লেখ করেন, এই রুটে চলাচলকারী বেশিরভাগ ইঞ্জিনই বেশ পুরোনো।
অতিরিক্ত ব্যবহারের কারণে ইঞ্জিনগুলো অতিরিক্ত গরম হয়ে প্রায়ই বিকল হচ্ছে বলে অভিযোগ করে তিনি জানান, নতুন ইঞ্জিন সংযোজন করা না হলে পরিস্থিতির স্থায়ী উন্নতি সম্ভব নয়।
এদিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, ফাতেমানগর স্টেশনে আটকে পড়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে।
তবে এই সাময়িক অচলাবস্থার কারণে ময়মনসিংহ জংশন ও আউলিয়ানগর স্টেশনেও আরও দুটি ট্রেন আটকা পড়ে আছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


























