চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- আপডেট সময় ০৪:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 15
২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।
আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ সিদ্ধান্ত নেয়। চিকিৎসাবিজ্ঞানবিষয়ক নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
১৯০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে মোট ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ সময়ে মোট ২৩৪ জন ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন।
নোবেল পুরস্কার কমিটির ওয়েবসাইট *nobelprize.org* এবং তাদের ইউটিউব চ্যানেলে এবারের বিজয়ীদের নাম সরাসরি সম্প্রচার করা হয়।
নোবেল পুরস্কারের ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। অন্য বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। নোবেল পুরস্কারের সঙ্গে থাকবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।

























