নোবেল জিতে ট্রাম্পকে নিয়ে রসিকতা নাভি পিল্লাইয়ের
- আপডেট সময় ১২:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 26
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করেছেন জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান নাভেনথাম নাভি পিল্লাই। হাস্যরসের ছলে তিনি বলেছেন, চাইলে ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নিতে পারেন তিনি।
বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডের শেয়ার করা একটি ভিডিওতে পিল্লাইয়ের ওই মন্তব্য দেখা যায়। জার্মানির নুরেমবার্গ ট্রাইব্যুনালে একটি সম্মেলনে অংশ নেওয়ার সময় দর্শকদের করতালির জবাবে তিনি হাসতে হাসতে বলেন, “আপনারা যদি আরেকটু বেশি তালি দেন, তাহলে হয়তো আমি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি।”
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে গত বছর প্রকাশ্যে একাধিকবার নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে সে বছর পুরস্কারটি পান ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও গণতন্ত্রকর্মী মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার না পেয়ে ট্রাম্প হতাশ হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে চলতি বছরের জানুয়ারিতে মাচাদো নিজের নোবেল পদক ট্রাম্পের হাতে তুলে দেন।
এ বছরও শান্তিতে নোবেল পাওয়ার প্রত্যাশা করেছিলেন ট্রাম্প। গত বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, এমন কিছু কাজ তিনি করেছেন, যা আগে কেউ করতে পারেননি। তাঁর দাবি, কোনো প্রেসিডেন্টই সম্ভবত একের পর এক যুদ্ধ থামাতে পারেননি, অথচ তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন।
তবে শেষ পর্যন্ত এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাননি ট্রাম্প। পুরস্কারটি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ৮৫ বছর বয়সী আইনজীবী ও বিচারক নাভি পিল্লাই।

























