আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 18
পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক দলটি বুঝে হোক কিংবা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। এমনকি যারা একসময় সামাজিকভাবে অঘোষিত সমঝোতার অবস্থানে পৌঁছেছিলেন, তাদেরও এখন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক করা হয়েছে এবং সেগুলো মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার জানা নেই। সাংবাদিকদের কাছ থেকেই তিনি প্রথম বিষয়টি শুনেছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি আইনি বাধার বিষয় নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তিতে দণ্ডপ্রাপ্ত এবং দণ্ডপ্রাপ্ত নন, এমন আসামিদের ফেরত দেওয়ার বিধানও রয়েছে। দুই দেশের কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানানো হলে চুক্তি অনুযায়ী আসামি ফেরত দেওয়া হয়। এটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও অন্য দেশ থেকে আসামি ফিরিয়ে আনে এবং অন্য দেশকে আসামি ফেরত দেয়।
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, পলাতক দলটি যেন তাদের উত্তেজিত না করে। এ বিষয়ে দেশের জনগণ ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা পরিস্থিতি বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার যৌথভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাতের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে আলোচনা ও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।

























