এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে সিইসির নির্দেশনা
- আপডেট সময় ০৪:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 33
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ চেয়ে সিইসি বলেন, এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, তা থেকে মুক্তি চাওয়া হচ্ছে এবং দুর্নীতিমুক্ত একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। কীভাবে এই পরিবেশ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ আহ্বান করেন তিনি।
অনুষ্ঠানে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এনআইডি সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করে আবেদনকারীকে ফিরতি বার্তা পাঠানোর নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আবেদন পাওয়ার পরপরই বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গৃহীত হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে একগাদা কাগজের তালিকা না দিয়ে কেবল প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানানোর জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধ করার কথা জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ডাক সই করার সময় অন্তত আধা ডজন আবেদন পাওয়া যায়, যেখানে নাগরিকরা ৬ মাস, ১০ মাস এমনকি এক বছর আগে আবেদন করেও নিষ্পত্তি না হওয়া এবং হয়রানির শিকার হওয়ার অভিযোগ জানান।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















