প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বিষয়ে আজ সংবাদ সম্মেলন
- আপডেট সময় ১২:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 72
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের কর্মসূচি, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক, সফরের অর্জন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
নিউইয়র্কে চার দিনের সফরে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।
সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে।
এ ছাড়া সফরের অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংক ও ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে আয়োজিত একাধিক উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য খাতের সংস্কার, প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে তিনি নারীর নেতৃত্ব, মাতৃ ও শিশুর স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা নিয়ে বক্তব্য দেন।






















