ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক ফুটবলার রেমন ভেগা
- আপডেট সময় ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 21
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্ভাব্য চতুর্থ মেয়াদের পথে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা। আগামী ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৫৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।
তিন মেয়াদ ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নেতৃত্বে রয়েছেন ইনফান্তিনো। তার নেতৃত্ব, ফিফার প্রশাসন ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। এমন পরিস্থিতিতে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন ভেগা।
প্রার্থিতা ঘোষণার সময় ভেগা বলেন, ফুটবলের সেবা করাই তার প্রধান লক্ষ্য। বিশ্ব ফুটবল পরিবারকে আবারও ঐক্যবদ্ধ করা, ফিফায় দীর্ঘমেয়াদি সংস্কার আনা, সংস্থাটিকে আধুনিক করে তোলা এবং হারানো আস্থা ফিরিয়ে আনতে কাজ করতে চান তিনি।
বর্তমান ফিফা প্রশাসনের সমালোচনা করে সাবেক এই ফুটবলার বলেন, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি বা প্রশাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়। খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, ক্লাব, লিগ, জাতীয় অ্যাসোসিয়েশনসহ সব পক্ষেরই সমান অধিকার রয়েছে।
ভেগার দাবি, বর্তমান নেতৃত্বের সময়ে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বল শাসনব্যবস্থার কারণে বিশ্ব ফুটবল পরিবারের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে, এই বিভাজন আর বাড়তে দেওয়া উচিত নয়।
স্প্যানিশ অভিবাসী পরিবারের সন্তান রেমন ভেগার জন্ম ও বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে দেশটির বিভিন্ন ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন তিনি। ১৯৯৮-৯৯ মৌসুমে টটেনহ্যামের হয়ে ইংলিশ লিগ কাপ জেতেন।
পরবর্তী সময়ে ধারে স্কটিশ ক্লাব সেল্টিকে খেলেন ভেগা। সেখানে ২০০০-০১ মৌসুমে স্কটিশ ট্রেবল জয়ের স্বাদ পান তিনি। ক্যারিয়ারের শেষ দিকে ইংল্যান্ডের ওয়াটফোর্ডের হয়েও খেলেছেন সাবেক এই ডিফেন্ডার।
সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ভেগা ২৩টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন।
এর আগে ২০১৯ ও ২০২২ সালের ফিফা সভাপতি নির্বাচনেও ভেগার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেননি তিনি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিয়ে ইনফান্তিনোর সামনে সরাসরি চ্যালেঞ্জ দাঁড় করালেন সাবেক এই সুইস ফুটবলার।
এখন দেখার বিষয়, ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে ভেগার প্রার্থিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তৈরি করতে পারে এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে পরিবর্তনের সম্ভাবনা কতটা তৈরি হয়।
























