কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম তৈরির তাগিদ রাষ্ট্রপতির
- আপডেট সময় ০৮:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 32
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ ও বিদেশের কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থায় এমন পরিবর্তন আনতে হবে, যাতে অযথা বেকারত্ব তৈরি না হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস পরিবর্তন এবং সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক ব্যবস্থা উন্নয়নে সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অতীতের শাসনামলে কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
উন্নত বিশ্বের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা, সহযোগী স্বাস্থ্যসেবা, কারিগরি ও উচ্চতর শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ছয় মাস ও এক বছরের স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, কর্মমুখী এ ধরনের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে। এর ফলে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
পাশাপাশি দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।






















