পালানোর পরও রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
- আপডেট সময় ০৫:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 27
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও একটি পক্ষের রক্তের তৃষ্ণা আরও বেড়েছে। তাদের কারণে দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ছাড়ার পরও তিনি পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অভ্যন্তরীণ অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম সেই নির্মমতার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
নেতাকর্মীদের আশ্বস্ত করে রিজভী বলেন, অনেক চেষ্টা করেও কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না। একইভাবে এসব হত্যাকাণ্ডের বিচারও হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
বৈরী আবহাওয়ার মধ্যে শুক্রবার বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছান রিজভী। পরে পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।























