এবার আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান
- আপডেট সময় ০৩:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 23
ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জোড়া শাস্তি পেল পাকিস্তান। ধীরগতির ওভাররেটের কারণে দলটির ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে কাটা হয়েছে ১১ পয়েন্ট।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বল করেছে পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।
ধীরগতির ওভাররেটের ঘটনায় পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দলটির পয়েন্ট থেকে ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি ঘোষণা করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে।
শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেছে পাকিস্তান। ৪ দশমিক ৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে দলটি বর্তমানে নবম অবস্থানে রয়েছে।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত ন্যূনতম ওভাররেটের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এ জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।
অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি ওভার কম করার জন্য দলের পয়েন্ট থেকে একটি করে পয়েন্ট কাটা হয়। সেই নিয়মেই পাকিস্তানের পয়েন্ট থেকে ১১ পয়েন্ট বাদ দেওয়া হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পরবর্তী সিরিজ শুরু হবে নভেম্বরে। রাওয়ালপিন্ডি ও লাহোরে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে পাকিস্তান।
























