গোলহীন রোনালদো, ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর যা বললেন পর্তুগাল অধিনায়ক
- আপডেট সময় ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 20
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে রবার্তো মার্টিনেজের দলকে। ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপে টানা পঞ্চম ম্যাচেও গোলের দেখা পাননি রোনালদো। শুধু বিশ্বকাপ নয়, ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে গোলশূন্য রয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে থাকলেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি তিনি। ম্যাচজুড়ে মাত্র ২৫ বার বল স্পর্শ করেন রোনালদো, যা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তার অন্যতম সর্বনিম্ন রেকর্ড। এছাড়া কয়েকটি সম্ভাবনাময় সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
তবে হতাশাজনক এই ফল ও নিজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি চিন্তিত নন পর্তুগাল অধিনায়ক। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সতীর্থদের উদ্দেশে বলেন, শুরুটা প্রত্যাশামতো না হলেও এখনই হতাশ হওয়ার কিছু নেই।
রোনালদো লিখেছেন, “শুরুটা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। কিন্তু সবকিছু এখনো আমাদের হাতেই আছে। মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।”
এদিকে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন নতুন করে শুরু করার লক্ষ্য রোনালদো ও তার দলের।























