চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর
- আপডেট সময় ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 10
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ভোটার এলাকার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠিতে ইসির এ সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট পাঁচ ধাপে নির্বাচন হবে। আগামী ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে। নির্বাচন আয়োজনের সুবিধার্থে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের সময় শেষ হয়। সে সময় নভেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল ইসির। তবে ভোটের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিরা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে ২০ নভেম্বরের মধ্যে জানাতে পারবেন। জমা পড়া দাবি-আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করে পরদিন ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
অন্য একটি চিঠিতে জানানো হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে।
























