বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়মে স্বস্তি পেল আর্জেন্টিনা-ইকুয়েডর
- আপডেট সময় ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 91
দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে সব দলকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইয়ের একেবারে শেষ ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির লাল কার্ড দলটির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই নিষেধাজ্ঞার ফলে আসন্ন বিশ্বকাপে দলের প্রথম ম্যাচ থেকেই তাকে বাইরে রাখতে হতে পারে বলে আশঙ্কায় ছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে বিশ্বকাপ শুরুর আগেই স্বস্তির খবর এসেছে আর্জেন্টিনার জন্য।
গত শুক্রবার ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বাছাইপর্বে পাওয়া লাল বা হলুদ কার্ডের কারণে এখন থেকে আর বিশ্বকাপের মূলপর্বে কোনো খেলোয়াড়কে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় ফুটবল সংস্থার প্রধানদের সমন্বয়ে গঠিত প্যানেলের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়েছে। ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়, বাছাইয়ে পাওয়া হলুদ কার্ড বা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা টুর্নামেন্টে প্রযোজ্য হবে না, যাতে প্রতিটি দেশ তার পূর্ণশক্তির দল নিয়ে বিশ্বমঞ্চে লড়তে পারে।
গত বছরের সেপ্টেম্বরে বাছাইয়ের শেষ লড়াইয়ে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। সেই ম্যাচে ওতামেন্দির পাশাপাশি ইকুয়েডরের মিডফিল্ডার ময়েসেস কায়কেদোও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ফিফার নতুন সিদ্ধান্তে কায়কেদোও নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন। বাছাইপর্বে আর্জেন্টিনার ঠিক পরে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে উঠেছে ইকুয়েডর।
এর আগে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও একই সুবিধা পেয়েছেন। বাছাইপর্বে আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে কনুইয়ের আঘাত করায় তার বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা তৈরি হয়েছিল, যা বাস্তবে পরিণত হলে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে হতো তাকে। পরে ফিফা সেই তিন ম্যাচের মধ্যে দুটির নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখে। বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। এ ছাড়া কাতারের ডিফেন্ডার তারেক সালমানও একই সুবিধার আওতায় এসেছেন। গত অক্টোবরে আরব আমিরাতের বিপক্ষে লাল কার্ড দেখার পর দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় একযোগে শুরু হবে ২৩তম ফিফা বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩৮ বছর বয়সী ওতামেন্দি এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলবেন। বেনফিকার এই সেন্টারব্যাক ২০১০, ২০১৮ এবং ২০২২ কাতার বিশ্বকাপে মাঠে ছিলেন এবং শেষেরটিতে দলের শিরোপা জয়ের প্রতিটি ম্যাচে অবদান রেখেছেন। অন্যদিকে ইকুয়েডর ১৪ জুন আইভরি কোস্টের মুখোমুখি হবে। চেলসির ২৪ বছর বয়সী কায়কেদো এর আগে কাতার বিশ্বকাপেও ইকুয়েডরের হয়ে খেলেছেন।
পাশাপাশি নকআউট পর্বে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও বদল আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী গ্রুপ পর্বের তিনটি ম্যাচ শেষে কোনো খেলোয়াড়ের হলুদ কার্ডের রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, ফলে নকআউটে নামতে কোনো বাধা থাকবে না। একইভাবে কোয়ার্টার ফাইনাল শেষেও হলুদ কার্ডের হিসাব শূন্য থেকে শুরু হবে, যা সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা দেবে।























