ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে ঐক্যবদ্ধ বাংলাদেশ: শফিকুল
- আপডেট সময় ০১:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 44
ভারতীয় সংবাদমাধ্যমের অপতথ্য প্রচার এবং দেশটির রাজনীতিকদের বাংলাদেশবিরোধী বক্তব্য দেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবরকে অসত্য দাবি করে তিনি বলেছেন, এ ধরনের প্রচার উল্টো ফল দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন শফিকুল আলম।
পোস্টে তিনি লেখেন, কখনো কখনো ভুয়া খবর ছড়িয়ে তা প্রচারকারীদের জন্যই নাটকীয়ভাবে উল্টো ফল বয়ে আনে। ভারতের গোদি মিডিয়া সম্প্রতি যাচাই-বাছাই না করা সূত্রের বরাতে বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর প্রকাশ করেছে।
এসব খবর প্রচারের উদ্দেশ্য নিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে বাংলাদেশবিরোধী ও মুসলমানবিরোধী মনোভাব উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের তুলনা টানার উদ্দেশ্যও ছিল। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে কলঙ্কিত ও দণ্ডিত।
তবে এসব প্রচারণা প্রত্যাশিত ফল দেয়নি বলে মনে করেন শফিকুল আলম। তার ভাষ্য, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা এসব খবরের বেশির ভাগই নাকচ করেছেন। তারা ঘটনাগুলোকে সাম্প্রদায়িক না বলে রাজনৈতিক হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে এসব হামলার অনেক ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেছেন বলে দাবি করেন তিনি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের বক্তব্যের সমালোচনা করে শফিকুল আলম বলেন, ভুয়া খবরের ধারাবাহিকতায় দলটির নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্য এসেছে। এসব রাজনীতিকের মধ্যে কে সবচেয়ে আক্রমণাত্মক বাংলাদেশবিরোধী অবস্থান নিতে পারেন, তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে।
এসব বক্তব্যের প্রতিক্রিয়া তুলে ধরে তিনি বলেন, ভুয়া খবরের ওপর ভিত্তি করে দেওয়া বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিক অর্জুন সিংয়ের বাংলাদেশে হামলা ও দখলের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
শফিকুল আলমের মতে, এসব হুমকি শেখ হাসিনা ও আওয়ামী লীগ যে রাজনৈতিক সুযোগ তৈরির আশা করেছিল, তা নষ্ট করে দিয়েছে। এর ফলে ‘জুলাই ঐক্য’ অনেকটাই পুনরুজ্জীবিত হয়েছে। প্রথমত, গোপালগঞ্জে শেখ হাসিনা ও তার অনুসারীদের কর্মকাণ্ড এবং দ্বিতীয়ত, ভারতের ক্ষমতাসীন দলের রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণে এই ঐক্য জোরালো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এর ফলে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আবারও তীব্র হয়েছে। শেখ হাসিনা, তার সমর্থক এবং এসব বয়ান প্রচারকারী গণমাধ্যম পরিস্থিতি এমন দিকে মোড় নেবে, তা হয়তো ধারণা করতে পারেনি।
পোস্টের শেষাংশে শফিকুল আলম দাবি করেন, নড়াইলের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা গল্পগুলোও শেষ পর্যন্ত উল্টো ফল দিয়েছে এবং সংশ্লিষ্টদের বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনা ব্যাহত হয়েছে বলে তিনি মনে করেন।






















