আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৪:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 21
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলায় একযোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে।
সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে মোট ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন স্থান পাচ্ছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য দূরীকরণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাণিসম্পদ খাতের অবদান অপরিসীম। বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে গবাদিপশু ও পোলট্রি খাত অর্থাৎ দুধ, ডিম ও মাংস থেকে। পাশাপাশি নারী ও তরুণদের আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরিতেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষ্যে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানো, দেশীয় জাতের সুরক্ষা ও উন্নয়ন, আধুনিক প্রজনন প্রযুক্তির প্রসার, মানসম্মত পুষ্টি ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রাণিজ পণ্যের মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে খাতটিকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, দেশীয় টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং গবেষণামূলক উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশ প্রাণিসম্পদ খাতে আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। তিনি উল্লেখ করেন, স্বল্প মেয়াদে চামড়াজাত সামগ্রী, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির বড় সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি শুরু করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানের হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের পাশাপাশি বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানির ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাণিসম্পদ সপ্তাহ ঘিরে তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক প্রচারণা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা এবং বিশেষ প্রদর্শনী।






















